খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও

উজিরপুর প্রতিনিধি

খালের ময়লা পরিষ্কার করতে গিয়ে কাদায় আটকে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুললেন; কিন্তু তাতেও দমে যাননি তিনি। আবারও নেমে পড়লেন ময়লা-আবর্জনায় ভরা খাল পরিষ্কারের কাজে। সরকারি কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগে উৎসাহিত হলেন সঙ্গে থাকা স্বেচ্ছাসেবীরাও।

একসময় খালটি ছিল ময়লা-আবর্জনার ভাগাড়। কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা বর্জ্যে বন্ধ হয়ে গিয়েছিল পানিপ্রবাহ। দুর্গন্ধে খালের পাশ দিয়ে চলাচল করাও ছিল কষ্টকর। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এমন দুরবস্থায় পড়ে থাকা খালটি যেন হারিয়ে ফেলেছিল তার স্বাভাবিক অস্তিত্ব। অবশেষে সেই খালেই ফিরতে শুরু করেছে পরিচ্ছন্নতার ছোঁয়া।

শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ কর্মসূচিতে অংশ নেন ইউএনও মো. আলী সুজা, শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ অভিযান। পাঁচ ঘণ্টার স্বেচ্ছাশ্রমে খাল থেকে অপসারণ করা হয় কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য। এতে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে খালটির স্বাভাবিক রূপ।

তবে পুরো কর্মসূচিতে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইউএনওর সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি-শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও নেমে পড়েন খালের ময়লা পরিষ্কারে। একপর্যায়ে কাদায় আটকে যান তিনি। পরে স্বেচ্ছাসেবীরা তাকে টেনে তুলে সহযোগিতা করেন। কিছুক্ষণ পর আবারও পরিচ্ছন্নতার কাজে যোগ দেন ইউএনও।

তার এই কাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। একজন সরকারি কর্মকর্তার এমন সরাসরি অংশগ্রহণকে দায়িত্ববোধ, মানবিকতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা।

বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশেষ করে ইউএনও নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় সবাই আরও উৎসাহিত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top