বরিশাল জার্নাল ডেস্ক
শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা পালিয়ে যান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সন্ধ্যার দিকে উপজেলার জোড়াব্রিজ এলাকায় কয়েকজন যুবক জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান। পুলিশ চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জাগো নিউজ




