বরিশাল জার্নাল ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তবে দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ইউনিয়ন, উপজেলা, জেলা, সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে চলে এসেছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সাংগঠনিকভাবে জামায়াতের প্রার্থী মনোনীত করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সময়মতো প্রার্থী ঘোষণা করা হবে।




