বরিশাল জার্নাল ডেস্ক
আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ৮০ উপজেলার সব ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে যেটি পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
তিনি আরও জানান, যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয় তাহলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করা হবে।
তবে, স্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বর বা অক্টোবরে ঘোষণা করা হবে কি-না এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি তিনি। শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।




