বরগুনা-বরিশাল মহাসড়কে খানাখন্দে বাঁশবোঝাই ট্রাক, চরম দুর্ভোগে যাত্রীরা

সাইফুল ইসলাম , বাকেরগঞ্জ

বরগুনা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ অংশে সড়কের খানাখন্দে বাঁশবোঝাই একটি ট্রাক আটকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা। আজ রোববার সকাল ৯টার দিকে কালিগঞ্জের পূর্ব পাশে রহমগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর গড়িয়ে গেলেও ট্রাকটি অপসারণ কিংবা সড়কের গর্ত সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাঁশবোঝাই ট্রাকটি সড়কের একটি বড় গর্তে আটকে যায়। অতিরিক্ত বোঝার চাপে ট্রাকটির একটি চাকা সড়কের গর্তে গভীরভাবে দেবে যায়। এতে ট্রাকটি আর চলাচল করতে না পারায় সড়কের এক পাশ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন যানবাহনকে চরম ঝুঁকি নিয়ে অপর পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে।  এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বরগুনা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ অংশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর আগেও একাধিকবার পণ্যবাহী যানবাহন এসব গর্তে আটকে গিয়ে যান চলাচল ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে।

বারবার বিষয়টি জানানো হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের খানাখন্দ দ্রুত সংস্কার, আটকে থাকা ট্রাকটি দ্রুত অপসারণ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top