‘কাদা ছোড়াছুড়ি’ করে বিতর্ক বাড়াতে চান না সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

একটা সম্পর্ক ভেঙে গেলে গল্পটা সেখানেই শেষ হয় না, শুরু হয় নানা প্রশ্ন। কে ভুল করলেন, কার কথা সত্য—এসব নিয়ে চলে আলোচনা। কিন্তু এমন গুঞ্জনের মাঝেও ব্যক্তিগত জীবন ঘিরে পাল্টাপাল্টি বক্তব্যে যেতে চান না অভিনেত্রী সাদিয়া আয়মান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, গুঞ্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন সাদিয়া। তার স্পষ্ট কথা, ‘কাদা ছোড়াছুড়ি’ করে বিতর্ক বাড়াতে চান না তিনি।
গুঞ্জন প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘সব কথার জবাব দেয়া জরুরি নয়। বরং নিজের দিকের গল্প বলতে গেলে বিষয়টি আরও জটিল হয়ে যেতে পারে। একজন একটি সাক্ষাৎকারে নিজের কথা বলার পর আমি পাল্টা আরেকটি কথা বললে তা অযথাই বিতর্ক বাড়াবে।’
সাদিয়ার ভাষায়, ‘আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমার বিশ্বাস, সত্য কখনও চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’
ব্যক্তিগত জীবন নিয়ে সাদিয়া জানান, আপাতত প্রেম বা সম্পর্ক নিয়ে তার বিশেষ আগ্রহ নেই। বরং ক্যারিয়ার গুছিয়ে নেয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
তার মতে, জীবনের সঠিক সময় ও সুযোগের জন্য অপেক্ষা করাই ভালো। অনেক কিছু মানুষ পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সবকিছু নিজের ইচ্ছামতো হয় না।
সাদিয়া জানান, ক্যারিয়ারের শুরুতেই অহেতুক বিতর্কে জড়িয়ে সময় ও মানসিক শক্তি নষ্ট করতে চান না। এখন তার মনোযোগ কাজ, পরিবার, নিজের যত্ন ও পোষা বিড়ালকে ঘিরে।
সাম্প্রতিক সময়ে নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় থাকা সাদিয়া ব্যক্তিগত গুঞ্জনের চেয়ে নিজের কাজ দিয়েই দর্শকদের কাছে পরিচিত হতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top