শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে সরকারি গাছ কাটা বন্ধ হওয়ার ১৩ দিন পর পুনরায় সেই গাছ কেটে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুস্পষ্ট নির্দেশ অমান্য করে প্রকাশ্যে সরকারি গাছ কেটে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশ থেকে অবৈধভাবে কয়েকটি গাছ কাটার খবর পেয়ে গত ২৬ জুলাই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছিল। কিন্তু এর ঠিক ১৩ দিন পর গত শনিবার সকালে ইউএনও’র সেই নির্দেশ অমান্য করে অবশিষ্ট গাছটিও কেটে ফেলা হয়। ইতোমধ্যেই শ্রমিক দিয়ে দুটি বড় চাম্বল গাছ কেটে ফেলা হয়েছিল এবং ঘটনার দিন নতুন করে একটি বড় রেন্ট্রি গাছ কেটে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর শিহিপাশা গ্রামের জলিল বয়াতী সড়কের পাশের এই সরকারি গাছগুলো স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে বিক্রি করেন। শনিবার সকালে সোহরাব সিকদার কাঠুরিয়াদের নিয়ে গাছ কাটতে শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার এ বিষয়ে বলেন, এর আগেও আমি বন বিভাগের মাধ্যমে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলাম। নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় গাছ কাটার বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে কাঠ জব্দ করার নির্দেশনা দিয়েছি।




