ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি গ্রেপ্তার

বরিশাল জার্নাল ডেস্ক

বিয়ে ও প্রেমের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

মামলার আসামি নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নয়ন সরকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, ২০২৪ সালে জয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জয়। কিন্তু বিগত ছয় মাস ধরে বিয়ের জন্য চাপ দেওয়া হলে জয় বিষয়টি এড়িয়ে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন। পারিবারিক অমতের অজুহাত দেখিয়ে তিনি সরে যান বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগী তরুণীর আরও অভিযোগ, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা অবস্থায় নয়ন সরকার তাঁদের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এবং মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করেন।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top