বরিশাল জার্নাল ডেস্ক
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত।
আজ সোমবার সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মেসার্স ফাইভ স্টার ফিস’ আড়তে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় দুই মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।
ট্রলারের মাঝি রুহুল আমিন জানালেন, বৈরী আবহাওয়ার মধ্যেও তারা টানা প্রায় নয় দিন গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ করেই বিশাল আকৃতির সামুদ্রিক শোলটি জালে ধরা পড়ে। দীর্ঘদিনের পরিশ্রমের পর ভালো দামে মাছটি বিক্রি করতে পেরে জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মাছটির অন্যতম ক্রেতা আব্দুর রহমান খান বলেন, এত বড় সামুদ্রিক শোল সচরাচর বাজারে দেখা যায় না। তাই বাণিজ্যিকভাবে বিক্রির জন্য নয়, নিজেদের খাওয়ার উদ্দেশ্যেই তারা মাছটি যৌথভাবে কিনেছেন। পরে সেটি সমান ভাগে ভাগ করে নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বললেন, ‘সামুদ্রিক শোল গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। অনুকূল পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য পেলে এ ধরনের মাছ বড় আকার ধারণ করতে পারে। এ ধরনের বড় মাছ ধরা পড়লে জেলেদের আয় বাড়ার পাশাপাশি উপকূলীয় এলাকার মৎস্য অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।’
আগামীর সময়




