বরিশাল জার্নাল ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা চুক্তি করলেও মানছে না যুক্তরাষ্ট্র। ভঙ্গুর যুদ্ধবিরতি ভঙ্গ করে মধ্যপ্রাচের মুসলিম দেশটিতে টানা ৯ রাত ধরে হামলা চালাচ্ছে ওয়াশিংটন। এই হামলা অন্তত অর্ধশত ইরানি নিহত হয়েছেন। তবে ক্রমবর্ধমান সংঘাতকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে তথাকথিত ‘পারমাণবিক হুমকি রোধের’ অভিযান বলে দাবি করছে হোয়াইট হাউস।
রোববার (১৯ জুলাই) ইরানের অব্যাহত হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে মার্কিন সামরিক সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
তারা জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। দেশটির লক্ষ্যবস্তুতে এই বোমাবর্ষণ টানা নবম রাতের ধারাবাহিক হামলারই অংশ।
সেন্টকম বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালাতে ব্যবহৃত ইরানি সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান শুরু হয়েছে তারা। এই আক্রমণ অব্যাহত থাকবে।
এদিকে ইরানের অন্তত পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসলামী প্রজাতন্ত্রের ওপর নতুন করে হামলার ঘোষণা দেওয়ার পরপরই ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান কেন্দ্র তাবরিজ ও দুটি গুরুত্বপূর্ণ বন্দরসহ পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা তাসনিমকে জানিয়েছেন, তাবরিজ, দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর চাবাহার, কোনারাক, দক্ষিণ-পশ্চিমের জ্বালানি কেন্দ্র বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংবাদ সংস্থা মেহের আরও জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দক্ষিণে একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে ড্রোনটি কোন পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে প্রবেশ করেছে, বা কারা পাঠিয়েছে তা নিশ্চিত করেনি তেহরান।




