আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

(প্রতিকী ছবি)

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কাকলী আক্তার (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

​মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাকলী আক্তার ছোট বাশাইল গ্রামের কালাম মোল্লার কনিষ্ঠ মেয়ে এবং বড় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কালাম মোল্লা স্থানীয় বাশাইল বাজারে যান। এ সময় তার বড় মেয়ে রুমা বেগম বাড়ির রান্নাঘরে ব্যস্ত ছিলেন এবং কাকলী ঘরের টুকিটাকি কাজ করছিল। সকাল ১১টার দিকে রুমা বেগম ঘরে প্রবেশ করে আড়ার সঙ্গে ওড়না দিয়ে কাকলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে কাকলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মাসুদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

​পুলিশ আরও জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top