মোঃ জিহাদ, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মনপুরা থানার এসআই (নিরস্ত্র) ইব্রাহিম নয়নের নেতৃত্বে গতকাল রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদার হাট-তালতলা সড়কের জাহাঙ্গীর মিধার মুদি দোকানের সামনে রাজিব (২২)-এর গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছে থাকা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব পুলিশকে জানান, মজিরউদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন মোটরসাইকেল চালকের মাধ্যমে মনপুরার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। রাজিবকে আটকের পর মজিরউদ্দিন একাধিকবার ফোন করে মাদক যথাযথভাবে পৌঁছানো হয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
পরে পুলিশ কৌশল অবলম্বন করে রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক চক্রের মূলহোতা মজিরউদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, অবৈধ মাদকের বিস্তার রোধ করে যুবসমাজকে রক্ষা করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।




