চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোশারেফ হোসেন, মো.রাছেল, মো.রাশেদুল ইসলাম,মুজাম্মেল সিকদার ও কুলছুম। তারা সকলে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গত শুক্রবার বিকেলে চরফ্যাশনের কলমী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ মুজাম্মেল সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী হযরত আলীর নেতৃত্বে তার পাঁচ ছেলে এবং ছেলে-বউরা একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায় । হামলাকারীরা এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাদের ৫জনকে রক্তাক্ত জখম করে। তাদের অভিযোগ হত্যার উদ্দেশ্যে তাদের উপর পরিকল্পিত এহামলা করা হয়েছে ।
চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এ ঘটনায় আহত ৫জনের মধ্যে ৩জনের মাথায় ও হাতে গুরুতর আঘাত করা হয়েছে। তাদের মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযুক্ত হযরত আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
শশীভুষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




