বরিশাল জার্নাল ডেস্ক
সকালে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পর পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে নগরীর বিভিন্ন বিনোদনস্থলে ছুটে আসেন মানুষ।
নগরীর আলেকান্দা এলাকার বাসিন্দা সুমাইয়া মুমু বলেন, ঈদের প্রথম দিনেই বেলস পার্কে ঘুরতে এসেছি। ভেবেছিলাম আগামীকাল থেকে বেশি ভিড় হবে, কিন্তু আজকেই অনেক মানুষ এসেছে। বন্ধুদের নিয়ে পরে নদীর পাড়েও যাব।
জনতা ব্যাংকের কর্মকর্তা কাইয়ুম হোসেন জানান, সকালে পশু কোরবানি দিয়ে দিনভর ব্যস্ততায় ছিলেন। সন্ধ্যায় সন্তানদের আবদারের কারণে কীর্তনখোলা নদীর পাড়ে ঘুরতে এসেছেন।
তিনি বলেন, ছোট ভাই-বোনও সঙ্গে এসেছে। এখানে নাশতা করে পরে প্লানেট ওয়ার্ল্ডে যাব। সেখানে বাচ্চাদের বিভিন্ন রাইডে তুলে বাসায় ফিরবো।
এদিকে ঈদকে কেন্দ্র করে নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও র্যাব।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রতিটি বিনোদনকেন্দ্রে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলা নিউজ




