বরিশাল জার্নাল ডেস্ক
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া গতির পরিবহনের ধাক্কায় শিশুসন্তানসহ এক দম্পতি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম এবং শিশু সন্তান জান্নাত।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফিরোজ মাহমুদ তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে মোটরসাইকেলে করে উজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম ও শিশুসন্তান জান্নাত নিহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাগো নিউজ




