উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আল-আমিন রাসেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে হস্তিশুণ্ড এলাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল-আমিন রাসেল হস্তিশুণ্ড এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বয়াতির বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে আল-আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তিনি মারা যান।
আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে এলাকায় শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।




