ডেস্ক রিপোর্ট
মা দিবস উপলক্ষে দেওয়া এক মন্তব্যে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা বলেছেন, প্রযুক্তির কারণে আজকের প্রজন্মে মা–সন্তানের সম্পর্কের দূরত্ব বাড়ছে।
রবিবার (১০ মে) জনপ্রিয় এই অভিনেত্রী এই মন্তব্য করেন।
তিনি বলেন, আগে মানুষ মায়ের হাত ধরে হাঁটত, কিন্তু এখন সেই জায়গা দখল করেছে মোবাইল ফোন। এতে পরিবারে, বিশেষ করে মা–সন্তানের মাঝে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে।
চম্পা আরও বলেন, মায়ের ভালোবাসা বা সম্মান শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মাকে প্রতিদিনই সময় দেওয়া ও তার যত্ন নেওয়া প্রয়োজন।
তার মতে, আধুনিক ব্যস্ত জীবনে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার অনেক সময় পরিবারের বড়দের থেকে সন্তানদের দূরে সরিয়ে দিচ্ছে। তাই এই অভ্যাস থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
অভিনেত্রী মনে করেন, মায়ের অভিজ্ঞতা ও পরামর্শ জীবনের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তা উপেক্ষা না করে গুরুত্ব দেওয়া উচিত। একই সঙ্গে ঘরের কাজে মাকে সহযোগিতা করারও পরামর্শ দেন তিনি।
মা দিবসের এই সময়ে চম্পা সবাইকে মনে করিয়ে দিয়েছেন, মাকে দেওয়া সবচেয়ে বড় উপহার হলো সময় ও আন্তরিক সম্মান।




