বরিশাল জার্নাল ডেস্ক
কাজের বিষয়ে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া খুবই চুজি। ভালো গল্প ও প্রোডাকশন মনমতো হলেই তিনি নতুন কাজের সঙ্গে যুক্ত হন। তবে এর পাশাপাশি আছে তার অলসতা—যা নিয়ে এশিয়া পোস্টের সঙ্গে কথা বলেছেন তিনি।
রাজধানীর ফার্মগেটে একটি শুটিং হাউসে নতুন নাটকের কাজ করছেন স্পর্শিয়া। সেখানে এশিয়া পোস্টের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সবাই মনে করে আমি খুবই মুডি, আমার লাইফস্টাইল খুব হাইফাই—এমন কিন্তু নয়। আমি আসলে অলস প্রকৃতির মানুষ। যতটুকু প্রয়োজন, ততটুকুই করি। এর বাইরে বেশি কাজ করতে আমার ভালো লাগে না।’
অভিনয়ে তাকে কম দেখা যায়—এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘একটা সময় অনেক কাজ করেছি। এখন আগের মতো আর কাজ করতে চাই না। তাই বেছে বেছে কাজ করছি। বেশি কাজ করে আলোচনায় থাকতে আমি পছন্দ করি না; বরং ভালো কাজের অপেক্ষায় থাকি।’
বর্তমানে স্পর্শিয়া নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাম ঠিক না হওয়া এই নাটকে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা তৌসিফ মাহবুব। প্রায় দশ বছর পর আবারও তারা একসঙ্গে জুটি হয়ে কাজ করছেন। এ ছাড়া স্পর্শিয়ার ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। সিনেমাটি প্রায় সাত বছর আগে নির্মাণ করা হয়। এশিয়া পোস্ট




