রাতভর সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, মাদারীপুরে থমথমে অবস্থা

বরিশাল জার্নাল ডেস্ক

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসা কেন্দ্র করে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়ে তা ভোররাত পর্যন্ত গড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন। ঘটনার জের ধরে রোববার সন্ধ্যা আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সোমবার ভোররাতে ফের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় পাকদী এলাকায় অতর্কিত হামলায় অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয় এবং অন্তত দশজন আহত হন।

 

এ বিষয়ে আকিব খান জানান, মঈন খানের লোকজন তার বাড়িঘরের ওপর হামলা চালায়। বাধা দিলে লোকজন নিয়ে এসে সজোরে তার ঘরবাড়ি ভাঙচুর করে। এতে তার পক্ষের বেশ কয়েকজন লোক আহত হয়েছেন।

 

এ বিষয়ে জানার জন্য মঈন মুন্সি মোবাইল ফোনে ফোন করলে তিনি বলেন, আমরা চেয়ার থেকে একটু সরে বসতে বলায় আমাদের ওপর আক্রমণ করে আকিব খানের লোকজন।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জার্নাল ডেস্ক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top