গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, সংসদে উত্থাপনের প্রয়োজন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার প্রয়োজনীয়তা নেই।

রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। এর অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। তাই এটি আবার অনুমোদন করে বিল আকারে আইন করার কোনো অর্থ নেই বলেও জানান তিনি।

বিশেষ কমিটির বৈঠক সম্পর্কে সালাউদ্দিন আহমেদ জানান, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় অনেকগুলো যেভাবে আছে সেভাবেই পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির বৈঠকে মৌলিক বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে গণভোট, মানবাধিকার কমিশন ও বিচারবিভাগ পৃথকীকরণের মতো ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে জামায়াতের পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দেওয়া হয়েছে বলে জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top