বরিশাল-৫ আসনে তরুণদের আস্থা হতে চান উমার রাযী

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৫ (সিটি- সদর) আসনে আলোচনায় রয়েছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী লায়ন উমার রাযী আল ফারূক। উন্নয়নমুখী চিন্তা, স্বচ্ছতা ও জনসেবাকে সামনে রেখে- ইতোমধ্যেই নির্বাচনের মাঠে তাকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে।

সম্প্রতি লায়ন উমার রাযী ঘোষণা দিয়েছেন আধুনিক, মানবিক ও স্মার্ট বরিশাল গড়ার লক্ষ্যে ৭ দফা অঙ্গীকার, যা নগরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানে বাস্তবায়নযোগ্য রূপরেখা হিসেবে নজরে এসেছে। তার অঙ্গীকারের মধ্যে রয়েছে সাশ্রয়ী চিকিৎসা সেবা, মানসম্মত প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন- কর্মসংস্থান বৃদ্ধি, যানজট- জলাবদ্ধতা নিরসন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, স্মার্ট সিটি বাস্তবায়ন এবং জনবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিতকরণ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে অঙ্গীকার ঘোষণার অনুষ্ঠানে লায়ন উমার রাযী বলেন, আমি প্রচলিত রাজনীতির ধারা অনুসরণ করতে আসিনি। বরিশাল আমার ঘর, আমার পরিবার। মানুষের প্রতি দায়বদ্ধতাই আমাকে সামনে এগোতে অনুপ্রাণিত করেছে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বরিশালের মানুষের সেবাই হবে আমার রাজনীতির মূলনীতি।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য ক্ষমতা নয়- দায়িত্ব। আমার স্বপ্ন উন্নত, মানবিক ও স্মার্ট বরিশাল। যেখানে রাজনীতি নয়, মানুষের সেবা হবে মূলনীতি; যেখানে প্রতিশোধ নয়, প্রতিযোগিতা হবে উন্নয়নে; যেখানে প্রতিশ্রুতি নয়, প্রমাণ হবে কাজে।

তরুণ ভোটারদের অনেকেই মনে করছেন, শহরের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে কর্মসংস্থান, শিক্ষা ও নগরব্যবস্থাপনায় নতুন চিন্তার নেতৃত্ব সময়ের দাবি। এই জায়গায় তরুণ প্রজন্মের আস্থা হয়ে উঠতে চান এই তরুণ উদ্যোক্তা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top