বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের এক অসহায় পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। পরিবারের প্রধান দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের (স্পাইন) ইনজুরিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। অসুস্থতার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না, ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
এমন খবর পেয়ে দেলোয়ার হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাবুগঞ্জ উপজেলার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি অসুস্থ দেলোয়ার হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম।
এসময় ইউএনও ফারুক আহমেদ বলেন,
“সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে আমরা সবসময় আছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যেন এই ধরনের অসুস্থ ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ান—এটাই আমাদের প্রত্যাশা।”
সহায়তা পেয়ে দেলোয়ার হোসেন ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসনের প্রতি।




