মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দীন (ভোলা) :
বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন, মর্মে প্রকাশিথ একটি সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখা। উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত সংবাদের দাবি অনুযায়ী, যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তারা বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কোনো পর্যায়েরই সদস্য নন। সংবাদে ‘জয়েন্ট সেক্রেটারি’ পদবিধারী ব্যক্তির কথা বলা হলেও, উপজেলা জামায়াতে ইসলামীতে এমন কোনো পদ বর্তমানেও নেই এবং অতীতেও ছিল না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টুপি ও দাড়িওয়ালা কিছু ব্যক্তিকে জামায়াতের কর্মী বানিয়ে প্রচার করাটা বিশেষ মহলের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার। এটি জামায়াত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক ইসলামী রাজনৈতিক সংগঠন, যেখানে কোরআন ও সুন্নাহর নির্ধারিত সিলেবাস অধ্যয়ন করে ধাপে ধাপে কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয়।
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই নীতি ও আদর্শে অবিচল থাকবে।




