বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. আব্দুস সবুর খানের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিএ পাশ না করলেও মিথ্যা তথ্য দিয়ে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি হিসেবে সবুর খানের নাম অনুমোদিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, এ পদে থাকতে হলে স্নাতক (গ্রাজুয়েশন) ডিগ্রি আবশ্যক। কিন্তু বোর্ডে জমা দেওয়া জীবনবৃত্তান্তে তিনি বিএ পাশের তথ্য দিলেও এর কোনো সনদপত্র জমা দেননি।
অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মামুন ফরাজী জানান, সবুর খান প্রকৃতপক্ষে বিএ পাশ নন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি মিথ্যা তথ্য দিয়ে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ দখল করেছেন। বিষয়টি যাচাইয়ের জন্য আমরা বোর্ডে ফি জমা দিয়ে আবেদন করলেও দীর্ঘদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মো. ফকরুল আলম বলেন, বিএনপি নেতাদের প্রস্তাবেই সবুর খানকে সভাপতি প্রার্থী হিসেবে তালিকার শীর্ষে রাখা হয়। তার দেওয়া জীবনবৃত্তান্তে বিএ পাশের তথ্য থাকলেও আমরা তা যাচাই করতে পারিনি। পরে শিক্ষা বোর্ড তার নাম অনুমোদন দেয়।
বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে সহকারী বিদ্যালয় পরিদর্শককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কমিটি বাতিলসহ মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




