শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও মৃত করিম ডাকুয়ার ছেলে আবুল কালাম ডাকুয়া, মৃত রুস্তম মৃধার ছেলে রাজিব মৃধা ওরফে টোল রাজু, মৃত আয়নাল মাঝির ছেলে জাকির মাঝি। সবাই পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের (২৮ আগস্ট) বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ জোমাদ্দার সহ নেতাকর্মীরা ২৭ আগস্ট গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করেন।
সভা চলাকালে উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়ার নেতৃত্বে ছাত্রলীগের ৫০/৬০ জন নেতাকর্মী পূর্বের দাবিকৃত চাঁদা না পেয়ে লাঠিসোটা নিয়ে অর্তকিতভাবে হামলা চালায়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, কালাম ডাকুয়া, রাজিব মৃধা, জাকির মাঝি নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি হামলার মামলা হয়েছে।




