বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) শুক্রবার জুমার নামাজ শেষে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন। তবে আকস্মিক এ মিছিল ঘিরে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক, কারো মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং এ সময় চোখে চশমা পরা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। কালের কণ্ঠ