বাকেরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ

বরিশালের বাকেরগঞ্জ-এ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষকে স্বাগত জানাতে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রঙিন ব্যানার, ফেস্টুন, ঐতিহ্যবাহী মুখোশ ও বাদ্যযন্ত্রের তালে তালে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। আরও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সে সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক, যা আমাদের সংস্কৃতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসমুক্ত ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে আমরা যে অঙ্গীকার করেছি, নববর্ষের এই নতুন আলো আমাদের সেই পথচলায় আরও প্রেরণা জোগাবে।

শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী উৎসব চলতে থাকে। নতুন বছরের প্রথম দিনটি আনন্দ, আশা ও সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপন করেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top