গৌরনদীতে অবৈধ ৫০০ লিটার ডিজেল-মবিল জব্দ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের গৌরনদী উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ডিজেল ও মবিল জব্দ এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার সুরেন শিকদার হাট এলাকায় হালিম মিয়ার দোকান ও বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়।
এনএসআই সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশে ড্রেজারের তেল কিনতে গেলে প্রতিষ্ঠানটির লাইসেন্সবিহীন কার্যক্রমের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত তেলসহ দোকানটি সিলগালা করা হয়।

এছাড়া একই অভিযানের অংশ হিসেবে গৌরনদী উপজেলার শরিকল বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ও নবীন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার টাকা, মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top