বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি

 

বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের দরজার তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

চোরেরা অফিস কক্ষ থেকে দুইটি ল্যাপটপ কম্পিউটার, একটি প্রজেক্টর, একটি সিলিং ফ্যান, হাজিরার জন্য ব্যবহৃত ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি রাউটার, একটি ঘণ্টা, সাউন্ড বক্সসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এতে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকরা।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি রানী ঢালী বাদী হয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ে কোনো প্রহরী বা সিসিটিভি ক্যামেরা না থাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের চুরি আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top