গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : জহির উদ্দীন বাবর


মোঃ আজিজুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-০৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দীন মু. বাবর বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। মুলাদী উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদের সভাপতিত্বে ​মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুলাদী প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন মুহাম্মদ বাবর। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, সকল রাজনৈতিক দল মিলে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এজন্য প্রয়োজন একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।

​তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে কেবল ভোট চাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।

নিজের ​প্রার্থীতা প্রসঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে বরিশাল-০৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তে ব্যক্তিগত ইচ্ছার সুযোগ নেই; দল যাকে মনোনয়ন দেয়, তাকেই জনগণের সেবার জন্য প্রার্থী হিসেবে দায়িত্ব নিতে হয়।

তিনি বলেন, অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো মৌলিক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। তিনি অঙ্গীকার করেন, নির্বাচনের জয়-পরাজয় যাই হোক, জনগণের কল্যাণে কাজ করা তাদের দায়িত্ব।

সভায় উপস্থিত ছিলেন ​উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোতালেব, পৌরসভা জামায়াতের আমীর ​অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, ​শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা, ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুলাদী উপজেলার সভাপতি মোঃ হামীম সহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। ​এছাড়াও বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

​সভা শেষে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top