মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল)সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলার সুবিধাবঞ্চিত ৩৪২ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ ও একইসাথে ১০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতের ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর বিডি প্রকল্পের আয়োজনে রবিবার বিকেলে উপকারভোগী শিশু এবং তাদের পরিবারের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ, গাছের চারা বিতরণ, তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রকল্পের ম্যানেজার সান্তনু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সভাপতি সুধাংশু বোস, এলসিসি সদস্য পাষ্টর এ্যালবাট বল্লভ, চার্চের সম্পাদক সুবল মিত্র প্রমুখ।
প্রকল্পের সমাজকর্মী বৃষ্টি রায় জানিয়েছেন, ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদানের পর ৬৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমানে আরো ১০ জনকে প্রশিক্ষণ প্রদানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে। পাশাপাশি ৩৪২ জন রেজিস্টার্ড শিশুর মাঝে তিনমাস পরপর শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, সুবিধাভোগি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।




