গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. মোঃ শাহতা জারব সালেহিন।
মঙ্গলবার সকালেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন উপস্থিত ছিলেন।
যোগদানের পর ডা. শাহতা জারব সালেহিন বলেন, আমি শতভাগ সেবা নিশ্চিতের মাধ্যমে গৌরনদীবাসীর আস্থা অর্জন করতে চাই। স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে, এর পরিবেশ ঢেলে সাজাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেট, দায়িত্বে অবহেলা, টেস্ট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছিল। এসব অনিয়মের প্রতিবাদে গত ১৪ জুলাই সকাল ১০টায় “জনতার ব্যানারে” মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে সাড়া দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান মনিরকে তাৎক্ষণিকভাবে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার পদে বদলি করা হয়।
একই প্রজ্ঞাপনে ডা. শাহতা জারব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে এলাকাবাসী ও ছাত্র-জনতার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।




