মির্জাগঞ্জ প্রতিনিধি
পটয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ২১৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমন রাফিন নিশাতের নেতৃত্বে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকার ভাড়াটিয়া বাসা থেকে মোঃ জুয়েল মৃধা(৩১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
পরে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে কারাগারে প্রেরণ করেন বিচারক। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মোঃ বারেক মৃধার ছেলে।
ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়। তল্লাশি শেষে তার বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম আহম্মেদ বলেন, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করা এবং শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে।




