মনপুরায় স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) প্রতিনিধি : ভোলার মনপুরায় মটরসাইকেল চালককে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট বাজার থেকে হাজীর হাট বাজারে নকশা ও রঙ করার জন্য স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার পথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারি চক্রের হামলায় আহত মটরসাইকেল চালক মোঃ সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় আহত সোহাগ বাদী হয়ে মনপুরা নৌ কন্টিনজেন্টে অভিযোগ করেছেন।

বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার সংলগ্ন পশ্চিম পাশে রহমান ডাক্তারের বাড়ির সামনে শনির খাল এলাকায় এই ঘটনা ঘটে। আহত মটরসাইকেল চালক মোঃ সোহাগ উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল হক মাঝির ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জানুৃয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট বাজার ব্যবসায়ী মোঃ সুমন স্বর্ণকার তার দোকান থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৪২ হাজার টাকা নিয়ে হাজীর হাট বাজারে নকশা ও রঙ করার জন্য মটরসাইকেল চালক সোহাগকে পাঠায়। স্বর্ণালংকার ও টাকা নিয়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার সংলগ্ন পশ্চিম পাশে রহমান ডাক্তারের বাড়ির সামনে শনির খাল এলাকায় পৌছলে মোঃ করিমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সোহাগের পথ রোধ করে এলোপাতারি কিল ঘুষি ও লাঠি দিয়ে পেটাতে থাকে। তার চিৎকারে পথচারিরা ছুটে এলে হামলাকারিরা পকেট থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

পথচারিরা আহত মটরসাইকেল চালককে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ভোলা জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

উক্ত ঘটনায় সকালে আহত মটরসাইকেল ড্রাইভার সোহাগ বাদি হয়ে মনপুরা নৌ-কন্টিনজেন্টে অভিযোগ করেন। এবং থানায়ও অভিযোগ করবেন বলে জানান সোহাগ।

ঘটনার সত্যতা স্বীকার করে প্রত্যক্ষদর্শী মোঃ সিরাজ পালোয়ান বলেন, আমি হাজীর হাট যাওয়ার পথে এক মটরসাইকে চালককে কিছু লোক মারধর করতেছিলো। তখন তার চিৎকার শুনে তাকে রক্ষা করে মনপুরা হাসপাতালে নিয়ে যাই।

এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top