মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা : গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মির্জাগঞ্জের সর্বস্তরের জনগন এর ব্যানারে আয়োজনে আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার শহর ও গুরুত্বপূর্ণ সড়কে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জের সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল হক, মোঃ নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ রাব্বি, উপজেলা যুবদলের সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজার ভয়াবহ গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, গাজায় বর্তমান পরিস্থিতি তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। ইসরাইল মানবাধিকারের সীমা লঙ্ঘন করে এই নিরীহ মুসলিম গাজাবাসীকে হত্যার খেলায় মেতে উঠেছে। তাই বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র একজোট হয়ে অনতিবিলম্বে গাজায় এই গণহত্যা বন্ধ করতে হবে।




