নগরীতে অনুমতি ছাড়া মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল নগরীতে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি ঢাকায় কোর কমিটির সভা হয়েছে। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএমপি এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তিনি বলেন, এখন থেকে বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার করতে হলে আগে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন, সভা-সমাবেশ এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এ ক্ষেত্রে কখনো কখনো ব্যস্ততম সড়ক আটকে যানবাহন এবং সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আসছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top