বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ঢাকাস্থ বাবুগঞ্জ ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট নুরে আলম সোহাগের পিতা বরিশালের লোহালিয়া মীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন আকনবাড়ির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল খালেক আকন মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় ঢাকা স্পেশালাইজড হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতা ও কিডনি রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে মঙ্গলবারই বরিশাল থেকে ঢাকায় নেয়া হয়েছিল তাকে।
মরহুম ২ পুত্র ও ৫ কন্যার জনক। তার লাশ আজ বিকেলে বরিশালের নিজ বাড়িতে পৌঁছবে। জানাজার নামাজ মাগরিবের পর মীরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
আব্দুল খালেক আকন ছিলেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী। তিনি সদাচারী, ধার্মিক ও মানবিক গুণসম্পন্ন একজন আল্লাহভীরু ব্যক্তিত্ব। জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামী আদর্শে বিশ্বাস রেখে সমাজে ন্যায় ও সততার প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। তাঁর ইন্তিকালে এলাকাবাসী একজন অভিভাবক তুল্য মানুষকে হারিয়েছে।
মরহুমের ইন্তিকালে শোক প্রকাশ করেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৩ আসনের সংসদ প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, জেলা কর্মপরিষদ সদস্য ও বাবুগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, ঢাকাস্থ বাবুগঞ্জ ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর মাতুব্বর, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।




