বরিশাল জার্নাল ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিকে দেশটির অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার সংঘটিত এই হামলায় বেসামরিক নাগরিকদের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের শীর্ষ ক্রিকেটাররা। জাতীয় দলের পেসার নাভিন-উল-হক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পাকিস্তানের এই হামলার কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন।
অন্যদিকে, তারকা অলরাউন্ডার রশিদ খান এক্সে লিখেছেন, বেসামরিক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো—ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—একটি যুদ্ধাপরাধ। তিনি বলেন, ‘মানব জীবনের প্রতি এমন অবজ্ঞা, বিশেষ করে পবিত্র রমজান মাসে, অত্যন্ত উদ্বেগজনক।’
রশিদ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও গভীর শোক প্রকাশ করে বলেন, কাবুলে একটি হাসপাতালে চিকিৎসার জন্য আসা তরুণদের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি উল্লেখ করেন, ‘রমজানের ২৮তম রাতে বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে, যা এই জাতির জন্য এক গভীর ক্ষত হয়ে থাকবে।’ এশিয়া পোস্ট




