স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

বরিশাল জার্নাল ডেস্ক

দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে।

 

সংসদ সদস্যদের (এমপি) প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সোমবার (২৭ এপ্রিল) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন করেন, নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত করার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত করার কোনো পরিকল্পনা আছে কি না, থাকলে কবে নাগাদ তা করা হবে?

 

জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা যায়, ধাপে ধাপে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।

 

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচনি কর্মকর্তা নির্বাচন ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তপশিল ঘোষণা করতে হয়। তপশিল ঘোষণার প্রাক প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ পঞ্জিকা দিবস প্রয়োজন হয়।

 

চট্টগ্রাম ১৬ আসনে জামায়াতে ইসলামীর এমপি জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনি প্রক্রিয়া শুরু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top