বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজে টেস্ট দলে সুযোগ পাওয়ার খুব কাছে ছিলেন অমিত হাসান। কিন্তু সিলেটের এই ব্যাটারের দুর্ভাগ্য। দলে তাকে রাখেননি নির্বাচকরা। অমিতকে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জাতীয় দলে খেলার অপেক্ষা শেষ হতে পারে তার। আজ রবিবার পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার। টেস্ট দলে প্রথমবার ডা্ক পেলেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ছুঁই ছুঁই গড়ে রান করা অমিত।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের সিরিজের দল ছিল ১৪ জনের, এবারের দলে একজন বেশি। আয়ারল্যান্ড দলের সিরিজ থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, হাসান মুরাদ, জাকের আলি। টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ , শরিফুল ইসলাম, নাঈম হাসান। একেবারে নতুন মুখ তানজিদ তামিম ও অমিত হাসান।
নতুন মুখ আমিত সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে লম্বা ফরম্যাটে রান করেই চলেছেন। পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতির বিসিএলে গত সপ্তাহে ১৬২ রানের ইনিংস খেলেছেন ২৬৫ বলে। লম্বা ফরম্যাটে তার ব্যাটিং গড় প্রায় ৫০। ৪৯ ম্যাচে ৩ হাজার ৬৫০ রান করেছেন ৪৯.৩২ গড়ে।
রানের মধ্যে থাকা এমন একজন ব্যাটারকে নিয়ে মিডলঅর্ডারে ধারাবাহিকতার অভাব কাটানোর চিন্তা নির্বাচকদের। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ‘অমিত পারফরম্যান্স দিয়ে তার জায়গা নিশ্চিত করেছে। প্রথম শ্রেণিতে, সে নিয়মিত রান করেছে, তার ধারাবাহিকতা দারুণ। টেস্টে একজন ব্যাটারকে ডিসিপ্লিন ও ধৈর্য দেখাতে হয়। অমিতের দুটোই আছে। একইসঙ্গে, আমরা তানজিদকে সুযোগ দিতে চেয়েছি যেহেতু সে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার।’
দল ঘোষণার পর ২৭ এপ্রিল থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ৮ থেকে ১২ মে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট, ১৬ থেকে ২০ মে সিলেটে দ্বিতীয়টি।
পাকিস্তান সিরিজের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, অমিত হাসান।




