যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ভেন্যু সরিয়ে নিতে ফিফাকে প্রস্তাব দিল ইরান

ক্রীড়া ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান ফুটবল ফেডারেশন। মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই উদ্যোগ নিয়েছে।

দূতাবাসের বরাতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কথা বলায় তারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী নন।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি, যেন বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজন করা হয়।

মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে ভিসা প্রদান ও লজিস্টিক সহায়তায় ‘অসহযোগিতা’র অভিযোগ তুলেছেন।

তিনি ফিফাকে আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন। 

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিফা।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ইরান দল যুক্তরাষ্ট্রে ‘স্বাগত’ হলেও তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত নয়। তার এই বক্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

অন্যদিকে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে, কোনো দেশই তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অবশ্য এখনো ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, ‘দিন শেষে ফেডারেশন খেলার সিদ্ধান্ত নেবে। আজ পর্যন্ত তারা আমাদের যা জানিয়েছে, তাতে তারা বিশ্বকাপে যাচ্ছে বলেই জানি। কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top