বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে অধিনায়ক হিসেবে থাকছেন শান মাসুদ, তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কোচিং স্টাফে।

 

এই সিরিজে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। কিছুদিন ধরে শূন্য থাকা এই পদে তাকে নিয়োগ দেওয়ার গুঞ্জন থাকলেও এবার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

 

দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তরুণদের অন্তর্ভুক্তি দলের ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে।

 

বর্তমানে দলের কয়েকজন ক্রিকেটার লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে লাল বলের অনুশীলন ক্যাম্পে আছেন। অন্যদিকে বেশিরভাগ ক্রিকেটার অংশ নিচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

 

পিসিবি জানিয়েছে, সিরিজের প্রস্তুতি হিসেবে ২৭ এপ্রিল থেকে করাচিতে একটি বিশেষ ট্রেনিং ক্যাম্প শুরু হবে, যা চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে বাংলাদেশ সফরের উদ্দেশে রওনা দেবে দল।

 

পিএসএলে অংশ নেওয়া খেলোয়াড়রা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব শেষ করে ক্যাম্পে যোগ দেবেন। কেউ যদি ফাইনাল পর্যন্ত পৌঁছান, তবে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যুক্ত হবেন।

 

বাংলাদেশ সফরের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

কোচিং স্টাফে আরও থাকছেন ব্যাটিং কোচ হিসেবে আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে উমর গুল।

 

পাকিস্তানের স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top