ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় দলটি। অধিনায়কের লাল কার্ডে ছন্দ হারানো সিটির বিপক্ষে সুযোগটা পুরোপুরি কাজে লাগায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথম মিনিট পূর্ণ হওয়ার আগেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। মাঝমাঠ থেকে আসা আক্রমণে বল পেয়ে গোলের চেষ্টা করেন ফেদে ভালভার্দে, তবে তার দুর্বল লব সহজেই রুখে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

এরপর দ্রুতই ম্যাচে প্রভাব ফেলেন থিবো কোর্তোয়া।

পরপর দুটি শট ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন তিনি। তবে ১৭তম মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচ। বক্সের ভেতরে বল বার্নার্দো সিলভার হাতে লাগলে প্রথমে অফসাইডের সিদ্ধান্ত আসে। পরে ভিএআরের মাধ্যমে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন রেফারি এবং সিলভাকে দেখান সরাসরি লাল কার্ড।
পেনাল্টি থেকে এবার আর ভুল করেননি ভিনিসিয়ুস। প্রথম লেগে ব্যর্থ হলেও এই ম্যাচে দলকে এগিয়ে দেন তিনি। গোল হজমের পর হতাশা প্রকাশ করতে গিয়ে হলুদ কার্ড দেখেন সিটির কোচ পেপ গার্দিওলা।

একজন কম নিয়ে খেললেও হাল ছাড়েনি সিটি। একের পর এক আক্রমণে চাপ সৃষ্টি করতে থাকে তারা।

অবশেষে ৪১তম মিনিটে সমতায় ফেরে দলটি। জটলার মধ্যে বল পেয়ে গোল করেন আর্লিং হলান্ড। গত ১১ ফেব্রুয়ারির পর প্রথমবার গোলের দেখা পান তিনি। 

দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারিয়ে ফেলে সিটি। বিরতির পর আর মাঠে নামেননি কোর্তোয়া; তার বদলি হিসেবে খেলেন আন্দ্রে লুনিন। তিনি নেমেই হলান্ডের একটি শট ঠেকান। তবে আক্রমণের ধার আগের মতো ছিল না স্বাগতিকদের।

৬৩তম মিনিটে জেরেমি ডোকু বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। পরে ডিফেন্ডার রায়ান আইত-নুরির হেডেও একই পরিণতি হয়।

ম্যাচের যোগ করা সময়ে একবার গোল করেও অফসাইডের কারণে বঞ্চিত হন ভিনিসিয়ুস। তবে শেষ মুহূর্তে আর ভুল করেননি। নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান তারকা।

পুরো ম্যাচে ৪৭ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় সিটি, যার ৮টি লক্ষ্যে ছিল। অন্যদিকে রেয়াল ১৪টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এই জয়ের মাধ্যমে গত পাঁচ মৌসুমে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে সিটিকে বিদায় করল রিয়াল মাদ্রিদ। ইউরোপের মঞ্চে আবারও স্প্যানিশ জায়ান্টদের কাছে থামল গার্দিওলার দল। কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top