বিশ্বকাপে ইরানের ম্যাচ সরানোর সম্ভাবনা নাকচ করল ফিফা

ক্রীড়া ডেস্ক

চলতি বছরের বিশ্বকাপে ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নেওয়ার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ঘোষিত সূচি অনুযায়ীই ম্যাচগুলো আয়োজনের প্রস্তুতি চলছে।

 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। সূচি অনুযায়ী, ইরান তাদের গ্রুপ ম্যাচগুলো খেলবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

 

এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছিলেন, চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাচগুলো মেক্সিকোয় সরানোর বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা পদক্ষেপের পর নিরাপত্তা ইস্যুটি সামনে আসে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দেন, ইরানের অংশগ্রহণ নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে ফিফার এক মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, অংশগ্রহণকারী সব দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

ইরান ইতোমধ্যে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। যদিও দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তবুও এখন পর্যন্ত টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।

 

সূত্র: বিবিসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top