ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তুলেছেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বৃষ্টি কারণে পুরো দিন খেলা হতে পারেনি।
সারা দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার, এই সময়ের মধ্যে বাংলাদেশ দল যা ব্যাটিং করেছে, তা প্রশংসা করার মতো। বৃষ্টিতে দিনের খেলা আগেভাগেই শেষ হওয়ার আগে ৩ উইকেট ১০৭ রান করেছে বাংলাদেশ।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ৮ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন টাইগার দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ২৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার আকাশ দীপ। ওভারের তৃতীয় বলে গালিতে যশ্বসী জয়সওয়ালকে ক্যাচ দেন জাকির। ২৪ বল খেলে খালি হাতে বিদায় নেন তিনি।
বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে খালি হাতে সাজঘরে ফেরার রেকর্ড গড়েছেন জাকির। আগের রেকর্ডটি ছিলো ইমরুল কায়েসের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ১৬ বলে শূন্য রানে আউট হয়েছিলেন ইমরুল। আর সব মিলিয়ে সর্বোচ্চ বল খেলে খালি হাতে ফেরার তালিকায় চতুর্থস্থানে আছেন জাকির। এক্ষেত্রে সবার উপরে আছেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। ২০০২ সালে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ৪১ বল খেলেও কোন রান করতে পারেননি মঞ্জু।
জাকিরের পর সাদমানকেও সাজঘওে পাঠান আকাশ। ৪টি চারে ২৪ রান করা সাদমানকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন এই ডান-হাতি পেসার।
২৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর দলের হাল ধরেন মোমিনুল ও অধিনায়ক শান্ত। ইনিংসের ১৭তম ওভারে দলের রান ৫০’এ নেন তারা। ৮৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রান করে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছেন মোমিনুল ও শান্ত। বিরতির পর শান্ত ৩১ রানে ফিরে গেলে উইকেটে আসেন মুশফিকুর রহীম।
কিন্তু দ্বিতীয় সেশনে মাত্র ৯ ওভার খেলা হওয়ার পর ঝুম বৃষ্টি নামে। এতটাই যে আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।




