হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা পরিষদ মাঠের এই গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন, লুটপাট, চাঁদাবাজির মহোৎসব হয়েছে। এমনকি চরাঞ্চলে যারা দু’একটি গরুর পালন করে দুধ বিক্রি করে সংসার চালাতেন তাদের গরুও নিয়ে যাওয়া হয়েছে। এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেয়ার হুঁশিয়ারি প্রদান করেন তিনি।
সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারা দেশ পরিচালনা করেছেন তারা কখনোই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। দুর্নীতির মাধ্যমে বারবার বিশ্বের দরবারে দেশকে কলঙ্কিত করেছে। যারাই জনপ্রতিনিধি হয়েছেন তারা জিরো থেকে হিরো হয়েছেন। শীর্ষ পর্যায়ের অনেকে দেশের টাকা বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। আর যারা আজ দেশের বিভিন্ন এলাকায় লুটতরাজ করছেন তারা দেশ ও জাতির শত্রু।
অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সঠিক সময় নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলনের হিজলা উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বিন কালামের সঞ্চালনায় গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। বরিশাল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও প্রকাশনা সম্পাদক মুফতি আব্দুল কাদের কারিমী, গুয়াবাড়িয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মিজানুর রহমান, হিজলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন, জয়েন্ট-সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।




