আরেক সাবেক মন্ত্রী গ্রেফতার

বরিশাল জার্নাল ডেস্ক

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেফতারসাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।’

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ অন্তত ৯টি মামলা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের একের পর এক গ্রেফতার করছে পুলিশ। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top