লাকিকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ

 

বরিশাল জার্নাল ডেস্ক : স্বৈরাচার হাসিনার তৈরি শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক এই সাধারণ সম্পাদককে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’—শীর্ষক কর্মসূচির ডাক দেওয়া হয়।

শিক্ষার্থীরা ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

শাহবাগে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। লাকি আক্তাররা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল। তারা আজ পুলিশের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা আর শাহবাগের উত্থান মেনে নেব না।

তারা আরও বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার নাম করে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে। জাতিসংঘের মহাসচিব আসার আগে এই মুহূর্তে কারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায় তাদের মুখোশ উন্মোচন করা হোক।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top