বরিশাল জার্নাল ডেস্ক
ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু। এতে ৪০টির বেশি দেশের সাড়ে ৫০০ বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন। পাশাপাশি দেশেরও ২ হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নেবেন। তবে সম্মেলনের উদ্বোধন হবে ৯ এপ্রিল।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হবে। বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সরেজমিন তুলে ধরে বিদেশি বিনিয়োগ বাড়ানোই এই আয়োজনের উদ্দেশ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্মেলনের আয়োজন করেছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
বেশ কয়েকটি দেশের বড় বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগের পাইপলাইন তৈরি হবে। সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারীকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দুদিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। তবে এদিনও দেশীয় স্টার্টআপ ব্যবসায়ীদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি সেশন আছে। ৮ এপ্রিল তারা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৯ এপ্রিল সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এদিন স্টারলিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে। এই ইন্টারনেট সেবা ব্যবহার করে সম্মেলনের সবগুলো ইভেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে।
একইদিন বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হবে।




