কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

টাঙ্গাইলে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছ তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে কার্ড ও ‘প্রকৃতির বন্ধু’ গাছ তুলে দেন তিনি।

 

এদিন সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে পৌঁছে সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা ছিল তার। কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় সরাসরি সমাবেশস্থল শহীদ মারুফ স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী।

 

জানা গেছে, দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন শেষে ভাসানীর মাজার জিয়ারত করবেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সোমবার জানান, বিজয়ের মাত্র দুই মাসের মাথায় প্রধানমন্ত্রী তার ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। এ কর্মসূচির মূল লক্ষ্য কৃষকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করা।

 

তিনি বলেন, প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে এ বিশেষ কার্ডের আওতায় আনা হবে।

 

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কৃষক কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়িত হবে। এগুলো হলো প্রাক পাইলটিং (পরীক্ষামূলক), পাইলটিং ও দেশব্যাপী কার্যক্রম।

 

কার্ড পাওয়া কৃষকরা যে ১০ ধরনের সুবিধা পাবেন

ন্যায্যমূল্যে কৃষি উপকরণ। ন্যায্যমূল্যে সেচ সুবিধা। সহজ শর্তে কৃষিঋণ। স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি। সরকারি ভর্তুকি ও প্রণোদনা। মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য। কৃষিবিষয়ক প্রশিক্ষণ। ফসলের রোগবালাই দমনের পরামর্শ। কৃষি বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top